৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

Admin Published: March 10, 2026, 11:36 pm
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টের রেখে যাওয়া দোসর আখ্যা দিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না। গণভোটের বিজয়ী হ্যাঁ-এর পক্ষে সংস্কারের জন্য সংসদে যাচ্ছি।মঙ্গলবার (১০ মার্চ) দলের এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচনী ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি। অবিলম্বে ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।


শরিফ ওসমান হাদি হত্যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত অভিযোগ করে তিনি আরও বলেন, ভারতে গ্রেপ্তার হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।


এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, বিএনপি এখন ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু গণভোট নিয়ে প্রশ্ন তোলা মানে গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা। দেশে ধর্ষণ বেড়েছে অভিযোগ করে তিনি অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী।