৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী টিটু গ্রেফতার

Admin Published: May 9, 2025, 2:36 pm
রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী টিটু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছির এক বিএনপি নেতার বাড়ি থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বদলগাছি উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাসা থেকে টিটুকে গ্রেফতার করা হয়েছে। সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেফতার আব্দুল ওয়াহেদ খান টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি রাজশাহী নগরের রানীবাজার এলাকায়। টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং এই সময় দুই প্রতিষ্ঠান থেকেই বেতন গ্রহণ করেন। টিটুর বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র ও জনতার ওপর গুলি চালিয়ে ভাইরাল হওয়া সন্ত্রাসী জহিরুল হক রুবেল এই টিটুর বন্ধু। রুবেলকে নিয়ে কিশোর গ্যাং লালন, জমি দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে টিটুর বিরুদ্ধে। এসব কারণে লিটন মেয়র থাকাকালেই তাকে অব্যাহতি দিয়েছিলেন। আওয়ামী সরকারের পতনের পর  গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে চলমান আন্দোলনের সময় নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র ও জনতার ওপর হামলার একটি মামলারও এজাহারভুক্ত আসামি। ওসি জানান, বদলগাছি থানা তাকে হস্তান্তর করলে ওই দুই মামলায়ও টিটুকে গ্রেফতার দেখানো হবে।