৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেফতার ২৪

Admin Published: November 10, 2024, 5:38 pm
রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেফতার ২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর পুলিশের মিডিয়া উইং রবিবার দুপুরে এই তথ্য জানিয়েছে। তাদের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন এবং মহানগরের থানাগুলো থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রানীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

এদিকে নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁরা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কি না সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। জেলার বিভিন্ন উপজেলা থেকে তাঁদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।