৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রুয়েট ও স্কয়ার হাসপাতালের মধ্যে চুক্তি, স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশা

Admin Published: December 4, 2025, 4:50 am
রুয়েট ও স্কয়ার হাসপাতালের  মধ্যে চুক্তি, স্বাস্থ্যসেবা  নিশ্চিতের আশা

স্টাফ রিপোর্টার : শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ও উন্নত স্বাস্থ্য সেবার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে স্কয়ার হাসপাতাল লি. চুক্তি স্বাক্ষর করেছে। 

বুধবার দুপুরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক। 

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. এইচ এম রাসেল এবং চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী। স্কয়ার হাসপাতাল লি. এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ ফাইসাল জামান, একাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিংহ এবং বিজনেস অফিসের ভাইস প্রেসিডেন্ট রেজিনা আক্তার। 

এসময় রুয়েটের অর্থ ও হিসাব দফতরের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশল দফতরের প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব দফতরের অতিরিক্ত পরিচালক শেখ ফয়ছাল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাউপস্থিত ছিলেন।

রুয়েট সূত্র জানায়, এই চুক্তির আওতায়, রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যরা (পিতা-মাতা, স্বামী/স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তান) স্কয়ার হাসপাতালের আধুনিক ও বিশ্বমানের চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।