৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রুয়েটে ৭৩ শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

Admin Published: June 26, 2025, 6:12 pm
রুয়েটে ৭৩ শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দিনব্যাপী উন্মুক্ত সেমিনারে ৭৩ জন শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। চলতি অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে বৃহস্পতিবার উন্মুক্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। জ্ঞান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন ও সমাজ উন্নয়নে গবেষণার ভূমিকা অপরিসীম। এই সেমিনার গবেষণার মানোন্নয়ন ও নতুন ভাবনার বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেলে রুয়েটের জনসংযোগ দফতর জানায়, উদ্বোধনী পর্ব শেষে ৭৩ জন শিক্ষক টেকনিক্যাল সেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন।