৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

Admin Published: September 8, 2025, 6:11 pm
রুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার : ক্লাশ করতে এসে ধরা খেলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রুয়েট শাখার এক নেতা। শেখ সাজ্জাদ হোসাইন সাঈদ নামের এ ছাত্রলীগ নেতাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সাজ্জাদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সোমবার ক্লাস করতে গেলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে। সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং গত জুলাই আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। পাশাপাশি অভিযুক্তদের মদদদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেন। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।