স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল দেখা যাবে রুয়েটের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইট থেকে (admission.ruet.ac.bd)। ভর্তি বিষয়ক কার্যক্রমের পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরিক্ষায় ‘ক’ গ্রুপে মোট ৭৭০২জন এবং খ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হয়েছেন।
এর আগে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের মূল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা রুয়েট ক্যাম্পাস এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫ হাজার ৫৬৭ জন। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪%) এবং বুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬%)।