৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

র‌্যাবের ছদ্মবরণে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রাজশাহীতে গ্রেফতার

Admin Published: January 4, 2026, 6:04 pm
র‌্যাবের ছদ্মবরণে ৫ লাখ টাকা   হাতিয়ে নেওয়া প্রতারক রাজশাহীতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের এক গার্মেন্টস থেকে র‌্যাবের পক্ষ থেকে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রতারক চক্রের এ সদস্যের নাম মারুফ হোসেন (২৯)। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বোগদামারী কৃষ্ণবাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব রাজশাহী সদর কোম্পানি ও নারায়ণগঞ্জ র‌্যাবের যৌথ দল শনিবার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রবিবার র‌্যাব রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৪ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে ফোন করেন মারুফ। তিনি নিজেকে র‌্যাবের সদস্য পরিচয় দেন এবং জানান, র‌্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ জন্য তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তিনি নুরুজ্জামানের কাছে টাকা চান। নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর থেকে মারুফের নম্বরটি বন্ধ পান তিনি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুরুজ্জামানের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে র‌্যাব। অবশেষে শনিবার তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মারুফ তার অপরাধ স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।