৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

সাফিনা পার্কে কোচিং সেন্টার ও ফিড কোম্পানির কর্মীদের সংঘর্ষ, আহত ৫

Admin Published: December 26, 2024, 1:54 pm
সাফিনা পার্কে কোচিং সেন্টার ও ফিড কোম্পানির কর্মীদের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে সাফিনা পার্কের ‘ভুতের ঘরে’ কোচিং সেন্টারের নারী শিক্ষার্থীদের শরীরে স্পর্শ লাগাকে কেন্দ্র করে বগুড়ার একটি ফিড কোম্পানির কর্মী ও কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে একজন গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী শিক্ষার্থীর শরীরে স্পর্শ করায় ফিড কোম্পানির মানুষের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় ফিড কোম্পানির ৮০-৯০ জন কর্মী ছিল। আর শিক্ষার্থীরা ১০-১২ জন হওয়ায় বেশি মার খায়।

এ ঘটনায় কেয়ার কোচিং সেন্টারের পরিচালক মো: মামুন বলেন, ' সাফিনা পার্কে আমাদের কোচিংয়ের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের নারী শিক্ষার্থীরা ভুতের ঘরে প্রবেশ করলে ফিড কোম্পানির কর্মীরা তাদের শরীরে হাত দেয়। এতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের মারধর করা হয় এবং আমি সমাধান করতে গেলে আমাকেও মারধর করা হয়।'

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। দুই পক্ষের উপস্থিতিতে সমস্যার সমাধান করা হয়েছে। 

এ বিষয়ে বগুড়ার ফিড কোম্পানির জিএমকে একাধিকবার ফোন করা হলেও ফোনে পাওয়া যায় নি।