৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সারদীয় দুর্গোৎসবে রাজশাহীতে তিনস্তরের নিরাপত্তা

Admin Published: September 9, 2025, 5:43 pm
সারদীয় দুর্গোৎসবে রাজশাহীতে তিনস্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে রাজশাহীতে সারদীয় দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের সদর দফতরে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী নগরী শান্তি ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেশব্যাপী পরিচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করতে এ শহরে আরএমপির পক্ষ থেকে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিমা প্রস্তুত থেকে শুরু করে পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ১০৩ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে এসব পূজা মন্ডপকে সাধারণ, গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ এই তিন ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা টিম গঠন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং তাদের তালিকা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। 

প্রতিটি পূজামন্ডপেই সিসি ক্যামেরা, জেনারেটর/আইপিএসসহ প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রাখতে হবে। গুজব বা কোনো ইস্যুকে কেন্দ্র করে কেউ মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে না নিতে পারে এমন বিষয় তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। হাউজি, জুয়া, ডিজে পার্টি, লাউড স্পিকারে গান বাজানো, পটকা, আতশবাজি, মাদক ও উগ্রতা পরিহার করতে হবে। 

আরএমপি কমিশনারর বলেন, বেপরোয়া বাইকার, শব্দদূষণ, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকতে হবে।  তিনি বলেন, নাগরিকরা সচেতন থাকলে এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর।

সভায় রাজশাহী মহানগরের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা অংশ নেন। তাঁরা পূজা উদযাপনকালে বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা প্রস্তাবনা উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও রাজশাহী র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন এবং নেসকোর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী ফাউন্ডেশন, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।