স্টাফ রিপোর্টার : সরকার নির্ধারিত মূল্যে ও চাহিদামত রাসায়নিক সারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহীর কাকনহাটের কৃষকরা। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী কাকনহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সমাবেশ থেকে কাঁকনহাটের বিসিআইসি ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়।
কৃষকদের অভিযোগ, এলাকার বিসিআইসির ডিলার তাদের সরকার নির্ধারিত দামে সার দেন না। বেশি টাকা দিলে সার দেন, তা না হলে ফিরিয়ে দেন। আটকে রাখা সার তিনি পাচার করে দেন অন্য উপজেলায়।
কৃষকরা বলেন, এখানকার সার ডিলার মেসার্স জি কে ট্রেডার্স। এটি পরিচালনা করেন তুহীনা আক্তার নামের এক নারী। তিনি বাড়তি টাকা ছাড়া সার দেন না। কৃষকেরা জানান, সরকার নির্ধারিত ডিএপি সারের দাম এক বস্তায় ১ হাজার ৫০ টাকা। তুহীনা আক্তার নেন ১ হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা। টিএসপির দাম ১ হাজার ৩৫০ হলেও তিনি নেন দেড় হাজার টাকা। এছাড়া ১ হাজার টাকার পটাশের দাম নেন ১ হাজার ২০০ টাকা। প্রায় দুই বছর ধরে তিনি কৃষকদের জিম্মি করে বাড়তি টাকা নিচ্ছেন।
কৃষকরা অভিযোগ করেন, বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে কেউ প্রতিবাদ করারও সাহস পান না। তবে এবার তারা সাহস করে তুহীনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে মেসার্স জি কে ট্রেডার্সে তুহীনা আক্তারের বাবা তাহাসেন আলী বলেন, তারা ন্যায্য দামেই কৃষকদের কাছে সার বিক্রি করেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ জানান, জি কে ট্রেডার্সের বিরুদ্ধে কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি। তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা নেব।