৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

সব বাংলাদেশির বুকে থাকবে হাদি : প্রধান উপদেষ্টা

Admin Published: December 21, 2025, 6:07 am
সব বাংলাদেশির বুকে থাকবে হাদি : প্রধান উপদেষ্টা

ডিএনএন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব বাংলাদেশির বুকে থাকবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তার জানাজার নামাজের আগে তিনি এ কথা বলেন।


ড. ইউনূস বলেন, আজ আমরা এখানে হাদিকে বিদায় দিতে আসিনি। আমাদের সবার বুকে হাদি থাকবে।


এর আগে সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তার মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল ও আনুষ্ঠানিকতা শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।


শনিবার সকাল থেকেই সংসদ ভবনের আশপাশে মানুষ জড়ো হতে শুরু করে। বেলা ১টার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউর ফার্মগেট, বিজয়সরণি, আসাদগেটসহ আশপাশের এলাকা মানুষে ভরে গেছে। উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।


ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শহীদ হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


জানাজার পর শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।