৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সেই ছাত্রীকে পাঠানো হলো যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে

Admin Published: August 21, 2025, 11:14 pm
সেই ছাত্রীকে পাঠানো হলো যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্কুলের সামনে শিক্ষককে ছুরি মারার ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ওই ছাত্রীকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (সিডিসি) পাঠানো হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।
এ মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলার শিক্ষক। তিনি বর্তমানে রাজশাহী নগরের কাজলা এলাকায় বসবাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। গত ১৯ আগস্ট ওই ছাত্রীর হামলায় তাঁর গলা ও হাতে জখম হয়েছে।
ওই শিক্ষক জানান, গত বুধবার থানায় মামলার এজাহার করেছি। সেখানে হত্যাচেষ্টার অভিযোগ এনেছি। মেয়েটি প্রথমে হেল্প হেল্প বলে চিৎকার করছিল। ভেবেছিলাম বিপদে পড়েছে, হয়তো ছিনতাই হচ্ছে। তাই থেমেছিলাম। আমি থামতেই সে দৌড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে। এরপর বারবার আঘাত করে। একপর্যায়ে আমি তার ছুরি ধরে ফেলি।
ঘটনার পর স্থানীয়রা ওই ছাত্রীকে আটক করে পরিবারের কাছে দেয়। তার বয়স প্রায় ১৬ বছর। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।
বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলার পর বুধবার রাতেই ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতে হাজির করলে আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।