ডিএনএন ডেস্ক : তাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী নাটকের অন্যতম প্রাণ পুরুষ। তিনি সম্মানিত নাট্যাচার্য হিসেবেও। বলছি প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের কথা। আজ এই নাট্যাচার্যের ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৪’।
স্বপ্নদল জানিয়েছে, অনিবার্য পরিস্থিতিতে মিলনায়তন বন্ধ থাকায় এবার শোভাযাত্রা-পুষ্পাঞ্জলি অর্পণ পর্বটি সরাসরি ও অনলাইনে নাট্যাচার্যকে নিয়ে আলোচনা এবং ওয়েবিনারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে স্বপ্নদলের নিয়মিত আয়োজনের ৩০তম এ আসরের স্লোগান ‘বাঙলা নাট্যের শিল্পশক্তি বিশ্ব করবে জয়, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ অমর অক্ষয়’। আজ সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদলের স্মরণ-শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে। রাত ৯টায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা ‘নাট্যনির্দেশনায় সেলিম আল দীন: নাট্যকারসত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন’ শীর্ষক ওয়েবিনার।
অনুষ্ঠানটিতে মূল আলোচনা উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুনের সভাপতিত্বে এতে অতিথি থাকবেন টিভিব্যক্তিত্ব ও শিক্ষক ড. ইসলাম শফিক, নাট্যজন আলী হাসান, ফজলে রাব্বী সুকর্নো প্রমুখ। সঞ্চালনা করবেন জুয়েনা শবনম। দেখা যাবে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা জাহিদ রিপনের ফেসবুকে। এ ছাড়া নাট্যসংগঠনটি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জন্মবার্ষিকী স্মরণে জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের ‘হরগজ’ নাটকের বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।