৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

সেনা ও বিজিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে আটক ২

Admin Published: May 22, 2025, 8:01 pm
সেনা ও বিজিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে আটক ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সীমান্ত  বিজিবি ও সেনাবাহিনীর পরিচয়ে চোরাচালানী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর গুলশান হোটেল থেকে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলো, নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদী হাসান এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজিউল্ল্যাহর ছেলে নিজাম উদ্দিন।

বিজিবি জানায়, তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।

বিকেলে রাজশাহী ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। তিনি জানান, গত ২০ মে ঢাকা থেকে রাজশাহীতে আসার পর নগরীর বিন্দুর মোড়ে অবস্থিত গুলশান হোটেলের ৪ ও ৫ নম্বর কক্ষে অবস্থান নেন তারা। সেখানে অবস্থানকালেই নিজেদের সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক, বিজিবিসহ বিভিন্ন প্রশাসনের লোক ও ঠিকাদারের পরিচয়ের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে থেকে হোটেল ভাড়াসহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ গ্রহন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা বিজিবিকে জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছিলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিজোড়া গরু ৩৫ হাজার এবং ১০ হাজার গরু বর্ডার পার করে দেয়ার বিনিময়ে অগিীম ২০ লক্ষ টাকা দাবি করেন।

তিনি আরো জানান, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের সহায়তায় আসামীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।