৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

Admin Published: July 13, 2025, 4:52 pm
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : পুলিশের পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজিউর রহমান (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব। গ্রেফতার রাজিউর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণার পর থেকে লাপাত্তা ছিলো সে। 

রবিবার রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার কথা বলেছিলেন। চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লাখ টাকার চুক্তি করা হয়। প্রথমে ৬ লাখ এবং পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্ত ছিল।

এরপর রাজিউরের পরামর্শে ভুক্তভোগী এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। এর পরদিন ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ওই ভুক্তভোগী। কিন্তু বাছাই পর্বেই তিনি বাদ পড়ে যান। তখন রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পর ছায়াতদন্তে নামে র‌্যাব-৫ ও ১৩। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে রাজিউরকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকবার জেলেও গেছে। গ্রেফতারের পর তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।