স্টাফ রিপোর্টার : তিল তিল করে পালন করা শেষ সম্বল তিনটি গরু হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালি ইউনিয়নের খালিশপুর গ্রামের গৃহবধূ নাসিমা বেগম (৪৫)। বৃহস্পতিবার ভোররাতে তার গোয়াল থেকে চুরি হয়ে গেছে। নাসিমা বেগমের স্বামী আবদুর রহিম (৫৫)। তিনি পেশায় চা দোকানি।
নাসিমা বেগম বলেন, ‘বেটির (কন্যা) সংসারে টাকা দেওয়ার জন্য আদিবাদি (বর্গা) কইরা গরু গুইল্যা পালিছিনু। চুরে সব লিইয়্যা গেল।’ এ কথা বলেই কেঁদে উঠলেন গৃহবধূ নাসিমা বেগম (৪৫)। তিনি বলেন গরু তিনটিই তার শেষ সম্বল।
নাসিমার স্বামী আবদুর রহিম জানান, বুধবার রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তান নিয়ে তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। ঘরের পাশে একটি গোয়ালঘরে একটি গাভিসহ তিনটি গরু ছিল। রাত ১২ টার দিকে ঘুম থেকে জেগে গোয়ালঘরে এসে গরুগুলো দেখে যান। পরে আবার ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে গোয়ালঘর থেকে গরু তিনটি আনতে গিয়ে শূন্য অবস্থায় দেখতে পান। বাড়ির পাশে রাস্তা ছোট ট্রাকের (পিকআপ) চাকার দাগ দেখতে পান। এছাড়াও পালা থেকে খড়ও চুরির বিষয় টের পান।
আবদুর রহিম জানান, চা বিক্রি করে কোনো রকম সংসার সংসার চালান। কিছু টাকা বাঁচিয়ে ও অন্যের গরু বর্গা নিয়ে তিনটি গরু হয়েছিল। সেগুলো বড় করে বিক্রির করে মেয়ের জন্য টাকা দেওয়ার পরিকল্পনা ছিল। গরু তিনটিই একমাত্র সম্বল ছিল। এখন সবই শেষ হয়ে গেল। গরু তিনটির দাম প্রায় দুই লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা শামিউল আলম বলেন, আবদুর রহিম গরীব মানুষ। চা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি টাকা জমিয়ে গাভি কিনেছিলেন। চোরেরা তাকে নিঃস্ব বানালো। নাসিমা বেগম বলেন, কিছুদিন আগে মেয়েকে বিয়ে দিয়েছেন। তবে মেয়ের সুখের জন্য কিছু টাকা দেওয়ার কথা বলেছেন। সে টাকা দেওয়ার জন্য গরুগুলো পালন করছিলেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।