১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

সএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

Admin Published: August 11, 2026, 5:54 pm
সএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

ডিএনএন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন এই অভিনেত্রী।উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ইসরাত। তবে নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ধারাবাহিকটির শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।


বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ের মধ্যেই নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয়েছিলেন ইসরাত।


তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। তার মেজ বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’


অভিনয়ের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও জানিয়েছেন সাফিনা। তিনি জানান, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছেন ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে।


শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতে হতো ইসরাতকে। অভিনয় ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে শেষ পর্যন্ত এসএসসিতে জিপিএ-৪ পাওয়ায় খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।


ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসরাত অতিথি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’


অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় ভালো ফল করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’।