৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

Admin Published: January 9, 2026, 9:52 pm
শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের আলাদা দুটি দল নগরের উপশহর এবং মালোপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ছয়জন হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের মো. আল মামুন (৪২), একই গ্রামের আনজুয়ারা খাতুন (২৫), নওগাঁর মান্দা উপজেলার দাওই গ্রামের রায়হান কবির (৩০), আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের নয়ন আলী (২৭), নওগাঁ সদরের চক সুখদা গ্রামের জুলফিকার আলী (৪০) ও রাজশাহীর মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের মাহবুব আলম (৪৬)।



শুক্রবার বিকেলে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। এই পরীক্ষায় চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার জন্য এরা নিজেদের ঊর্দ্ধতন সরকারী কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। প্রার্থীদের প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে তারা তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ফাঁকা চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প এবং প্রার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছিলেন।


তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, ২১টি স্টাম্প এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত কয়েকজন আসামি আছেন। তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। আসামিদের মধ্যে রায়হান অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।