১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিল ইসরায়েলি বাহিনী

Admin Published: October 15, 2026, 6:03 pm
সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিল ইসরায়েলি বাহিনী

ডিএনএন ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে একটি বাড়ি ও পশুখাদ্য সংরক্ষণের গুদামে আগুন দিয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম দারার ওয়াদি আল-রাক্কাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।


সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা এলাকাটিতে অভিযান চালিয়ে একটি বাড়িতে প্রবেশ করে। পরে বাড়িটিতে এবং কাছাকাছি পশুখাদ্য সংরক্ষণের একটি গুদামে আগুন ধরিয়ে দেয় তারা।


এ ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বর থেকে দেশটিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার পাশাপাশি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের উপস্থিতি সম্প্রসারণ করেছে দেশটি।


ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়ে আসছে সিরিয়ার কর্তৃপক্ষ। দামেস্কের অভিযোগ, এসব কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিতে নির্ধারিত অবস্থানে ইসরায়েলি বাহিনীকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে সিরিয়া।


এদিকে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমঝোতা এবং ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহালের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে দামেস্ক ও তেল আবিব।