৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব না দিলে সমাজে টেকসই পরিবর্তন সম্ভব নয়’

Admin Published: September 10, 2025, 5:20 pm
‘শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব না দিলে সমাজে টেকসই পরিবর্তন সম্ভব নয়’

স্টাফ রিপোর্টার : ‘শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব না দিলে সমাজে টেকসই পরিবর্তন সম্ভব নয়। শিশুরা শুধু ভবিষ্যতের নাগরিক নয়, বর্তমানেরও সক্রিয় অংশগ্রহণকারী। তাদের অভিজ্ঞতা ও মতামত সিদ্ধান্তগ্রহণে প্রতিফলিত হলে সমাজ আরও সমৃদ্ধ হবে।’ বুধবার রাজশাহীতে অনুষ্ঠিত শিশুদের সাথে সিদ্ধান্ত গ্রহণকারীদের অংশীদারিত্বের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন বিষয়ক কর্মশালায় এসব মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

কর্মশালার মাধ্যমে শিশুদের অধিকার রক্ষা, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং প্রাপ্তবয়স্কদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগ কেবল শিশু সুরক্ষা নয়, বরং প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে সহযোগিতা ও আস্থা বাড়াতে সহায়ক হবে।

রাজশাহীর অভিজাত হোটেল এক্সের হলরুমে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এসিডি এ কর্মশালার আয়োজন করে। এতে শিশু ও যুবকদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখা, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং সহসাথীদের সুরক্ষা নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। 

শিশুদের সাথে সিদ্ধান্তগ্রহণকারীদের অংশীদারিত্বে রূপান্তরমূলক পরিবর্তন বিষয়ক কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় নেতা, অভিভাবক, ধর্মীয় নেতা ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শিশুদের মতামত ও অভিজ্ঞতাকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার উপায়, নিরাপদ ও শিশুকেন্দ্রিক কাাঠামো গড়ে তোলার কৌশল এবং প্রাপ্তবয়স্ক-শিশু অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন, সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানিক, অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালাটি পরিচালনা করেন এসিডি প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল, আলী আহমেদ ও আহসান উল্লাস সরকার রিপন।