৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

Admin Published: December 23, 2025, 5:03 am
শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডির আয়োজনে শিখন সংলাপে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে বিদ্যমান উদ্যোগের চ্যালেঞ্জ ও করণীয় পর্যালোচনার লক্ষ্যে সোমবার নগরীর বোয়ালিয়া ক্লাবের কনফারেন্স কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

‘চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’ প্রকল্পের আওতায় আয়োজিত ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এ প্রকল্প শিখন সংলাপের মাধ্যমে শিশুদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের আলোকে জাতীয় পর্যায়ে নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাবের আলী। এসময় তিনি বলেন, শিশু সুরক্ষা একটি সমন্বিত দায়িত্ব। প্রকল্প বাস্তবায়নের শেখাগুলো যদি নিয়মিতভাবে পর্যালোচনা ও প্রয়োগ করা যায়, তাহলে টেকসই ও কার্যকর পরিবর্তন সম্ভব। তিনি জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডির টিম লিডার সুব্রত কুমার পাল। শিখন সংলাপে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, ভালো চর্চা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন। আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশু-কেন্দ্রিক সমন্বিত ও প্রমাণভিত্তিক উদ্যোগ আরও জোরদার করা জরুরি। মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বাস্তব চ্যালেঞ্জ এবং অর্জিত শেখার আলোকে নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয় বৃদ্ধি করলে শিশু সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংলাপে অন্যান্যদের মধ্যে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান, বিমানবন্দর থানা ইনচার্জ মাসুমা মোস্তারি প্রমূখ উপস্থিত ছিলেন।