৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬
রাজশাহীতে কমিউনিটি সংলাপ

শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

Admin Published: November 4, 2025, 4:59 pm
শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ। এসিডি’র নির্বাহী ও রাবির সাবেক প্রোভিসি প্রফেসর ড. চৌধুরী চৌধুরী মুহাম্মদ সারওয়ার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। 

প্রধান অতিথির বক্তব্যে, রাজশাহী বিভাগী কমিশনার খোন্দকার আজিম আহমেদ শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। একই সাথে সরকারি-বেসরকারী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার। 

এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি টিম লিডার সুব্রত কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংলাপে শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখা, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা তুলে ধরা হয়। এসিডির পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্যচিত্র উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম। 

কর্মসূচির মূল বিষয়ের আলোকে শিশুদের নেতৃত্বে পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে শিশু নেতা সুমাইয়া আফরিন শ্যামা ও সাবিহা জান্নাতি নিশা। উপস্থাপন পর্বে গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। 

শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞসমূহ তুলে ধরে, সেই সাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়।

অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আব্দুর রাজ্জাক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান ইবনে রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক মাহবুবা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের আশিকুর রহমান, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা মেহেরুন নেসা বক্তব্য দেন। 

সংলাপে প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।