স্টাফ রিপোর্টার :অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে গ্রেফতার যুবকের নাম তরিকুল ইসলাম (২৪)। সে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং জেলার পবা উপজেলার বড়গাছী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।
এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।