স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকমীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মো. ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) এবং ইরফান খান মিরাজ (২৫)। এদের মধ্যে ইব্রাহীম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী ও জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে। জুবায়ের পুঠিয়া উপজেলা শাখা কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মাজেদুর রহমানের ছেলে। এছাড়া আওয়ামী লীগ কর্মী রামজান রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং ইরফান রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার ইউসুফ আলী খানের ছেলে। তাদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।
এছাড়া পুলিশী অভিযানে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে নগর পুলিশ।