৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়বে শীত

Admin Published: December 27, 2025, 12:19 pm
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়বে শীত

ডিএনএন ডেস্ক: দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৭ ডিসেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরো কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশে গত পাঁচ দিন ধরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে শীতের অনুভূতি বেড়েছে। এই সময়ের মধ্যে তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ঢাকায় চলতি শীতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দেশে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের যশোরেও তাপমাত্রা নেমেছে একই ঘরে।


ঢাকা বিভাগে ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও ফরিদপুরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির আশপাশে। রাজশাহী বিভাগে রাজশাহী, বগুড়া, পাবনা ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এসব এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহের অনুভূতি রয়েছে।


রংপুর বিভাগে শীতের প্রকোপ সবচেয়ে তীব্র। তেঁতুলিয়ার পাশাপাশি দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে অবস্থান করছে।


ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ ও নেত্রকোনায় তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস। সিলেট ও শ্রীমঙ্গলে নেমেছে প্রায় ১২ ডিগ্রিতে। খুলনা বিভাগে খুলনা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে। বরিশালে তাপমাত্রা রয়েছে ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে। চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও কক্সবাজারে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও পাহাড়ি এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।