১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স

Admin Published: September 25, 2026, 11:45 am
সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স

ডিএনএন ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মাখোঁ বলেন, ইয়ানবু বন্দরটি জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প এই পথটি সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। 

ফ্রান্স ইয়ানবুতে সেনাসদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে বলে জানান মাখোঁ। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো সংঘাতে জড়ানো ফ্রান্সের উদ্দেশ্য নয়। বরং গুরুত্বপূর্ণ স্থাপনাটি সুরক্ষিত রাখতেই এসব সামরিক সক্ষমতা মোতায়েন করা হবে।



ফরাসি টেলিভিশন টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমরা সামরিক সক্ষমতা, অর্থাৎ সেনাসদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাব, যাতে এই স্থাপনাটি সুরক্ষিত রাখা যায়। আমাদের কোনো সংঘাতে জড়ানোর উদ্দেশ্য নেই।’


সৌদি আরবের তেল রপ্তানির প্রধান বিকল্প পথ হিসেবে ইয়ানবু গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বন্দরটির দিকে তেল পরিবহনের রুটে হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।


এদিকে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে এমন সম্ভাবনারও সমালোচনা করেছেন মাখোঁ। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, এমন নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে না। মাখোঁ বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যই ‘বিপর্যয়কর’ হবে।


পাশাপাশি ফ্রান্সের মাটিতে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন তিনি।


দেশটিতে উচ্চ জ্বালানি দামের কারণে অভ্যন্তরীণ চাপের মুখে আছেন মাখোঁ। তবে তিনি শীতের আগে ফ্রান্সে পর্যাপ্ত গ্যাস ও তেল সরবরাহ রয়েছে বলেও আশ্বস্ত করেন। জ্বালানি সরবরাহের প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্যারিস সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি।


সূত্র: রয়টার্স