৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সড়কে শৃঙ্খলায় শুধু আইন নয়, জনসচেতনতাও জরুরি : আরএমপি কমিশনার

Admin Published: December 8, 2025, 12:13 am
সড়কে শৃঙ্খলায় শুধু আইন নয়, জনসচেতনতাও জরুরি : আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার জিল্লুর রহমান বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার ট্রাফিক সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন তিনি। পরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ’র প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি, এবং বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

‘সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন’ স্লোগানে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. নাজমুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম এবং আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমপি সূত্র জানায়, ট্রাফিক সপ্তাহের আওতায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা এবং ভদ্রার মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব স্থানে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন, যারা যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে সহায়তা করবেন।

এছাড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।