১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

স্বৈরাচারের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি : মিনু

Admin Published: May 31, 2025, 5:16 pm
স্বৈরাচারের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি : মিনু

স্টাফ রিপোর্টার : বিএনপিতে দখলবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই নাই মন্তব্য করে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, গত বছরের জুলাই-আগস্টে স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অনিবন্ধিত দল। আর এই দলকে প্রাধান্য দিচ্ছেন খোদ প্রধান উপদেষ্টা। কিন্তু বাংলাদেশের জনগণ আর এটা মেনে নেবেনা। তিনি আসছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রদানের দাবী জানান।

শনিবার রাজশাহী নগরীর বিন্দুর মোড়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, বাংলার রাখালরাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উদিত হয়েছিলো।  তিনি নিজেও যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। সেইসাথে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন।

মিজানুর রহমান মিনু আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দিক নির্দেশনায় দীর্ঘ সতের বছর ধরে স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করে আসছে।

মিনু আরো বলেন, বিএনপি কথা কম বলে, কাজ বেশী করে। তিনি মানুষের সাথে সবাইকে ভাল ব্যবহার করা পরামর্শ দেন। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক আদর্শ দল। এই দলের কেউ চাঁদাবাজ ও দখলবাজী করলে বিএনপিতে তাদের ঠাঁই হবেনা।

মিনু বলেন, বিএনপির নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছে। শুধু নেতাকর্মীরাই নয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আজিমপুর কারাগারে একাকী রাখা হয়েছিলো। বিনা চিকিৎসার তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলো পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। তিনি এখন সুস্থ আছেন। দেশের উন্নয়নে বেগম জিয়া এবং তারেক জিয়া একত্রে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠান প্রধানবক্তা ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

স্বেচ্ছাসেবক দল বোয়ালিয়া থানার (পূর্ব) সাবেক আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ।