স্টাফ রিপোর্টার : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে এতিমখানার শিশুদেরও রেজিস্ট্রেশন (নিবন্ধন) নিশ্চিত করতে সমাজসেবা অধিদফতর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
রবিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় তিনি বলেন, টিকাদানের আগের দিন অভিভাবককে তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় রাজশাহী বিভাগের আট জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে এ বিভাগের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা।
সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য মাইক্রো প্ল্যান করা হয়েছে। পাঁচ সদস্যের একটি টিকাদান দল যত্নের সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দফতরের দুইজন স্বাস্থ্যকর্মীর সাথে তিনজন করে ভলেন্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলেন্টিয়ার হবেন। অ্যাডভোকেসি সভায় রাজশাহী বিভাগের আট জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দফতরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা অংশগ্রহণ করেন।#