স্টাফ রিপোর্টার : মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে-উল্লেখ করে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেছেন, মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। তিনি বলেন, গোদাগাড়ী ও তানোরের মানুষ ধানের শীষ ছাড়া অন্য কাউকে বেছে নেবে না।
সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে মেজর শরীফ উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আজকের দিনটি তাঁর জন্য একটি পবিত্র দিন। এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে নিজে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। তিনি বলেন, অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্ত করে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সেইসাথে পদ্মা নদীর বাঁধ পূর্ণ নির্মাণ, বেকারত্ব সমস্যা দূর করতে শিল্প কারখানা স্থাপনসহ গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নয়ন করার জন্য যা প্রয়োজন তাই করবেন বলে উল্লেখ করেন তিনি।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোরের সভাপতি আখেরুজ্জামান হান্নান, গোদাগাড়ীর সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ দুই উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।