স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে একরাতে দুই বাড়িতে দুর্র্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মালশিরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মালশিরা গ্রামের বাসিন্দা আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনারের (৪০) বাড়ি ও পাশের অপর একজনের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৭/৮ জনের ডাকাত দল। তারা প্রথমে মোয়াজ্জেম সোনার ও তার স্ত্রীকে বেঁধে মারপিট করে। পরে ঘরে থাকা আলমারী ভেঙে ৩ ভরি স্বর্ণাঙ্কার, দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই লক্ষ টাকা লুটে নেয়।
একই রাতে পাশের আরেক বাড়ির ভেতরে প্রবেশ করে মুখোশধারী ডাকাত দল। তারা পরিবারের সদসদের বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইল ও টাকা লুটে নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ডাকাতদলের সদস্যদের পড়নে ছিলো হাফপ্যান্ট। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদিকে ঘটনার খবর পেয়ে রাজশাহীর সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, খবর পেয়ে উভয় বাড়িতে পুলিশের টিম পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনা উদঘাটনে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।