৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেফতার

Admin Published: May 9, 2025, 5:28 pm
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেফতার

স্টাফ রিপোটার : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অঘোষিত ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা, বাবার নাম মৃত মফিজ উদ্দিন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশের একটি দল।

বাবু একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।

অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন।

তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’

‘বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুর অস্ত্রের বিষয়ে ওসি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে এমন কথা শুনেছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখব।’