৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

তানোরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

Admin Published: August 21, 2025, 12:06 am
তানোরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার, তানোর : রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। বুধবার (২০ আগস্ট) সকালে তিনি প্রথমে উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। পরে সেখানে তিনি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।


এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী (ইউএনও) লিয়াকত সালমান, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিমুদ্দীন (বাবু), ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রাসেল রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-৩ এর উপজেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালত সহকারী মো. মারুফ হাসান সিদ্দিকী ছাড়াও অত্র ইউপির সকল সদস্যবৃন্দ এবং গ্রামপুলিশ।


পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন, জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, গ্রামীণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রথম স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাই এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি ডিজিটাল সেন্টারের কার্যক্রম, নাগরিক সনদপ্রদান, ভিজিএফ ও ভিজিডি কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মান যাচাই করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে কমিশনার নিয়মিত পরিষদ সভার আয়োজন ও উন্নয়ন কাজে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন। পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রাম আদালতের কার্যক্রম। কমিশনার জানতে চান, সাধারণ মানুষ কতটা সহজে এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাচ্ছে।


গ্রাম আদালত হচ্ছে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত একটি প্রাথমিক বিচার ব্যবস্থা। যেখানে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত নিষ্পত্তি করা যায়। যেমন- জমি বা সীমানা নিয়ে বিরোধ দেনা ও পাওনার ঝামেলা পারিবারিক কলহ স্বল্প অঙ্কের ক্ষতিপূরণ দাবি ইত্যাদি। এর ফলে মানুষকে আর দূরের আদালতে ছুটতে হয় না। সময়, খরচ ও ভোগান্তি-সবই কমে আসে।


“গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ অনেক দ্রুত ন্যায়বিচার পাবে। এটি আদালতের মামলার চাপও কমাবে। এসময় তিনি গ্রাম আদালত এজলাস পরিদর্শন করেন ও গ্রাম আদালত সংক্রান্ত বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র তদারকি করেন এবং গ্রাম আদালত সহকারীকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেস্টায় ইউনিয়ন পরিষদ হয়ে উঠবে প্রকৃতপক্ষে জনগণের সেবাকেন্দ্র। কমিশনার তালন্দ ইউপির প্রাঙ্গণে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষরোপণ করেন। এরআগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।