স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারের একটি মার্কেটে অভিনব কায়দায় ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কোনো মালামাল ছাড়ায় শুধু নগদ ৪ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে প্রতিদিনের মত নাইটগার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোরে বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যায়, নাইটগার্ডরা চলে যাবার পর ৫ জনের একটি চোরের দল প্রতাব সরকারের মার্কেটের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে ভিতরে প্রবেশ করে চুরি করে।
এতে সিট কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদের ক্যাশবাক্স থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা,
সম্পা রানী সিট কাপড়ের দোকান থেকে ৩০ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী আলমগীরের দোকান থেকে ১৯ হাজার টাকা, আবু জান্নানের দোকান থেকে ১ হাজার ৫শত টাকা এবং টেইলার্স ব্যবসায়ীর নায়েব আলী দোকান থেকে ৭ শত টাকা নিয়ে গেছে।
গোল্ল্াপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা রাতে তাদের দায়িত্ব পালন করে চলে যাওয়ার পর দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আবজাল হোসেন বলেন, অভিনব কায়দায় ৫টি দোকানে চুরি হয়েছে। তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোররা চুরির ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে তাদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।