স্টাফ রিপোর্টার : সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করে তাক লাগানো রাজশাহীর তানোরের স্বশিক্ষিত কৃষক নূর মোহাম্মদ এবার যোগ দিলেন ‘মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে। সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা নূর মোহাম্মদ নতুন ধান উদ্ভাবন করে কৃষিতে সাফল্যের সাক্ষর রাখছে।
এবার মালয়েশিয়ার পেনাং শহরে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (প্যানাপ) তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলন অনুিষ্ঠত হবে। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র কৃষক-বিজ্ঞানী হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নূর মোহাম্মদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তবে সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করে নিজের মাটির ঘরটাকেও বানিয়ে ফেলেছেন কৃষি গবেষণাগার।
এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের উদ্ভাবন দাঁড়িয়েছে ২০০ শতাধিক। সর্বশেষ তিনি একটি নতুন ধানের সারি (জাত) উদ্ভাবন করেছেন। তাঁর দাবি, দেশে প্রচলিত বোরো ধান বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত ১৪০ দিন লাগে। তাঁর উদ্ভাবিত এই ধান বোরো মৌসুমে বপন থেকে ১৩০ দিনের মধ্যে কাটা যাবে। খরাসহিষ্ণু এই ধানের সারির নাম দিয়েছিলেন এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ হচ্ছে ‘নূর মোহাম্মদ কৃষি পরিষেবা’। প্রথম দিকে তিনি এনএমটি অর্থাৎ নূর মোহাম্মদ তানোর নামে ধানের নামকরণ করতেন।
কৃষি সংশ্লিষ্টরা জানান, এনএমকেপি-৫-এর বিঘাপ্রতি ফলন ২৫ মণ। এই ধানের বিশেষত্ব হচ্ছে, ধান পাকার পরও পাতা সবুজ থাকে। খরাসহিষ্ণু। এটি রোপা আমন মৌসুমেও হয়। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভুষিত হন।