৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

তারেক রহমান রাজশাহী আসছেন ২৯ জানুয়ারি

Admin Published: January 25, 2026, 7:03 pm
তারেক রহমান রাজশাহী আসছেন ২৯  জানুয়ারি

স্টাফ রিপোর্টার : নির্বাচনী জনসভায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী আসছেন আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)। এর আগে অন্তত দ্ইু যুগ আগে তিনি একবার এসেছিলেন রাজশাহী। 

এবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ মাঠেই ১৩ বছর আগে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ভাষন দিয়েছেন বেগম খালেদা জিয়া। সেই মঞ্চেই এবার প্রধান অতিথি হয়ে উঠবেন তারেক রহমান। 

তাঁর আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সর্বকালের সর্ববৃহৎ জনসভার প্রস্তুতি শুরু করেছে রাজশাহী বিএনপি। তারেক রহমানের আগমন ঘিরে এখন উজ্জীবীত এ অঞ্চলের বিএনপি। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর জনসভাকে জনসমুদ্রে পরিনত করার প্রস্তুতি নিচ্ছেন তারা। 

রবিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা। তিনি জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের রাজশাহীতে আসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মহাসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকতের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রথমে জনসভা আয়োজনের কথা জানানো হয়।

এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তারা সমাবেশ সফল করতে মাঠপর্যায়ে প্রচার ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত জানান, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন। যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোটের আগে রাজশাহীতে তারেক রহমানের জনসভা ঘিরে তৃণমূল বিএনপির নেতারা উদ্দেলিত। তারা বলছেন, তারেক রহমানের জনসভা সফল করতে সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাতে সময় কম, এই সময়ের মধ্যে জনসভা সফলের আয়োজন করতে হবে। তানোর উপজেলা এিনপির নেতা ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। তৃণমুলের নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবীত হচ্ছেন।   

এদিকে দলীয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী,  আগামী ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।