৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস

Admin Published: December 25, 2025, 3:59 pm
তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস

ডিএনএন ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মানুষের ভালোবাসা, উষ্ণ অভ্যর্থনা ও আবেগে আপ্লুত হয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’


এদিকে, লাল-সবুজ রঙের বিশেষ গাড়িতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার গাড়িবহর এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় ধীরগতিতে এগোচ্ছে তার বহর। বাসের ভেতর থেকে সামনে ও পাশের সড়কে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।


এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক এই মিলনের পর তিনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


পরে পরিবারকে বিদায় জানিয়ে তারেক রহমান লাল-সবুজ রঙের গাড়িতে ওঠেন। এরপর তার গাড়িবহর যৌথ বাহিনীর নিরাপত্তায় ৩০০ ফুট সড়কের দিকে অগ্রসর হয়। এ সময় বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের প্রতি বারবার শুভেচ্ছা জানান তিনি।


এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তিনি ঢাকায় পৌঁছান।