৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

তিন দফা দাবিতে নেসকো ঘেরাও রুয়েট শিক্ষার্থীদের

Admin Published: July 20, 2025, 2:07 pm
তিন দফা দাবিতে নেসকো ঘেরাও রুয়েট  শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী- নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাসহ তিন দফা দাবিতে রোববার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো কার্যালয় ঘেরাও করে কর্মসূচী পালন করে তারা। এসময় নেসকো কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করে রাখা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না। এ সময় তারা তিনদফা দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো, সহকারী প্রকৌশলী ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না। সাব-এসিসটেন্স ইঞ্জিনিয়ার ৮ম গ্রেড পদে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে। এছাড়া বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একইসঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।