৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Admin Published: July 3, 2025, 6:01 pm
তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরের তালাইমাড়ি মোড় অবরোধ করেন তারা।

এর আগে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে তালাইমাড়ি মোড়ে এসে দুপুর সাড়ে  ১২টায় বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে; দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে এবং প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না।

অবিলম্বে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায় তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। এখানে সবাই আবেদন করতে পারবেন।

তারা বলেন, দশম গ্রেডে আমাদেরকে কোন ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। সেখানে আমাদের সুযোগ দিতে হবে। এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। এই ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবেন। তারা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না। তিন দফা দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। এই কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।