ডিএনএন ডেস্ক: আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়টি ঢাকা ইতিবাচকভাবে নেয়নি।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বহুপক্ষীয় আয়োজনের চেয়ে দ্বিপাক্ষিক যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলে প্রধানমন্ত্রীর দিল্লি সফর হতে পারে। তবে এ নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে অভিহিত করা হয়। বিষয়টি নিয়ে ঢাকার অসন্তোষের কথাই এবার প্রকাশ্যে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, দেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। গণমাধ্যমে যেসব বক্তব্যই আসুক না কেন, বাংলাদেশের স্বার্থই তার কাছে অগ্রাধিকার পাবে।
বাণিজ্য ইস্যুতে তিনি জানান, দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখনই জানানোর মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন অগ্রগতি নেই।
রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এত জটিল একটি সমস্যার ক্ষেত্রে হঠাৎ করে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য ধৈর্যের পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। দ্রুত সমাধানের প্রত্যাশা থাকলেও তাৎক্ষণিকভাবে সংকটের অবসান ঘটানোর দাবি করা বাস্তবসম্মত নয়। তবে একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক সমাধানের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার বিষয়ে সরকার আশাবাদী।