৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হাঁস-মুরগী মেরে ফেলার অভিযোগ

Admin Published: January 20, 2026, 6:43 pm
ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হাঁস-মুরগী মেরে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে বাড়ির উঠানে ভাতের সাথে বিষ মিশিয়ে প্রতিবেশীর শতাধিক হাঁস-মুরগীসহ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগীর মালিক শাফিউল ইসলাম ও আশরাফুল ইসলাম একই গ্রামের আনেস আলী কারিগরের বিরুদ্ধে উপজেলা নির্বাহীর কর্মকর্তার দফতরে ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তারা হাঁস-মুরগী ‘হত্যাকারী’ আনেসের শাস্তির দাবি জানান। 

ক্ষতিগ্রস্তরা জানান, পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার সকালে বাড়ির উঠানে ভাতের সাথে বিষ মিশিয়ে ছিটিয়ে দেয় অনেস। এতে বিভিন্ন বাড়ির পোষা হাঁস-মুরগী বের হওয়া মাত্রই ভাত খাওয়া শুরু করে। খাওয়ার সাথে সাথে মারা যায় হাঁস মুরগীসহ বাচ্চাগুলো।

শাফিউল ইসলাম জানান, ভোরের দিকে বাড়ির দরজা খোলা মাত্রই হাঁস-মুরগী বের হয়ে উঠানে ফেল্ ভাত খাওয়া শুরু করে। কিছুক্ষনের মধ্যে সেগুলো মাটির সাথে লুটিয়ে পড়ে মারা যায়। তিনি জানান, তার ৫ টি হাঁস ও ২৫ টির মুরগী এবং সমপরিমাণ বাচ্চা মরে গেছে। সামান্য কিছু মরা হাঁস-মুরগী নিয়ে ইউএনও’র কাছে এসেছি। যাতে সঠিক বিচার পাই। তার ভাই আসরাফুল জানান, একইভাবে বাড়ির উঠানে ভাতের সাথে বিষ মিশিয়ে তার ১৫ টি মুরগী ও ১২ টি মুরগির বাচ্চা মেরে ফেলা হয়েছে। 

মতিউর নামের আরেকজন প্রতিবেশী জানান, গত চার/ পাঁচ দিন আগে তার বাড়ির সামনে ফেলে রাখা ভাত খেয়ে ৬ টি মুরগী ও ৫ টি বাচ্চা মারা যায়। মরা হাঁস-মুরগী নিয়ে গ্রামের অন্তত ১৫/২০ জন লোক উপজেলা প্রশাসনে এসে ঘটনার বিচার দাবি করেন। গ্রামবাসীর অভিযোগ আনেস ঘোষণা দিয়ে এ কান্ড ঘটিয়েছে। তবে এ ব্যাপার আনেস কারিগর হাস-মুরগী মারার বিষয় অস্বীকার করেন।

তানোর থানার ওসি শাহিনুজ্জামান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।