৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

Admin Published: October 14, 2026, 5:39 pm
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার দুপুরে রাজশাহী মহানগরের ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অনেকেই বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কাজে যারা বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রাজশাহী নগরে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের। দুপুরে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। পরে ওই এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ ছাড়া নাটোর রোড থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও উড়ালসড়কের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি।

এসময় সড়ক নম্বর সম্বলিত পিলার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে আরডিএ চেয়ারম্যান বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নম্বর সম্বলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।