স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরীর দুই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পবিার এ দুটি ভেজাল গুড় কারখানায় বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কারখানার মালিককরা দীর্ঘদিন থেকে চিনি, মোনাসিস, বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, চুন, রং , হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরী করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্টো) ফজলে এলাহি ও সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযান পরিচালনা করেন। অভিযানে আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের পাঞ্জা হোসেনের ১০ হাজার এবং গোচর গ্রামের জনাব আলীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে বলেন, গুড়ের কারখানার মালিকরা অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক ভাবে জরিমানা করা হয়েছে। পরে গুড় তৈরীর উপকরণসমুহ ধ্বংস করা হয়েছে।