৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা মামলার আসামি এনামুল গ্রেফতার

Admin Published: April 20, 2025, 12:40 pm
ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা মামলার আসামি এনামুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জমির  বিরোধে রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত গভীর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. এনামুল (৫৫)।  তিনি রাজশাহী নগরের শাহমখদুম থানার ভুগরইল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। হত্যাকাণ্ডের শিকার রুহুল আমিন (৩৮) তার ভগ্নিপতি। র‌্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এনামুলকে গ্রেফতার করে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, মামলার দ্বিতীয় আসামি এনামুলকে গেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারেরর পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ রুহুল আমিনের স্ত্রী শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে পাওয়া জমিজমা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে আসামি এনামুল রুহুলকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। এ সময় তার ভাই আমিনুল ইসলাম ওরফে মিন্টু তাঁর ডান হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলার বাঁ পাশে কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রুহুল আমিনের বাবা বাদী হয়ে নগরের শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৪ মার্চ রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম ওরফে মিন্টু–কে গ্রেফতার করে র‌্যাব।