৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ভোটাধিকার প্রয়োগে নিরাপত্তা নিশ্চিতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের

Admin Published: February 10, 2026, 6:21 pm
ভোটাধিকার প্রয়োগে নিরাপত্তা  নিশ্চিতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু পরিবেশে সংখ্যালঘুদের ভোটাধিকার  প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীতে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। এতে বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীও ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত। তবে বিভিন্নস্থানে এখনও ভোট নিয়ে ভয়ভীতি, হামলা, সম্পদ হারানোর ভয় ও সাম্প্রদায়িক সহিংসতার মত ঘটনার আশঙ্কা রয়েছেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, শুধুমাত্র একটি জনগোষ্ঠীর জন্য নয়, পুরো জাতির জন্য ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সকল ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি ক্যামেরায় মনিটরিং, দ্রুত বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু সংখ্যালঘু নয় সকল নাগরিক যাতে কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস (আনু), রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী উপজেলার সভাপতি রবিন্দ্রনাথ হেমরম, সাংগঠনিক সম্পাদক শাওন ভূঁইয়া, এলিনা আগ্নেশ তৃনা মুরমুসহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।