৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

‘যাকাত ধনী-দরিদ্রের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন’

Admin Published: March 5, 2026, 5:51 pm
‘যাকাত ধনী-দরিদ্রের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন’

স্টাফ রিপোর্টার : যাকাত ধনী ও দরিদ্রের মধ্যে সৌহার্দ্য, সমবেদনা ও সামাজিক ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। তিনি বলেন, যাকাত ধনীদের সম্পদ পবিত্র করার পাশাপাশি তাদের হৃদয়ে সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রদের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সমাজে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্ত সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ বিষয়ে ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনার শেষে সরকারি যাকাত ফান্ড থেকে নির্বাচিত ২০০ জন দরিদ্র মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরো বলেন, ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত। রোজা হচ্ছে দৈহিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। যাকাতের মাধ্যমে সমাজে ধনী-দরিদ্রের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তিনি সমাজের বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ বণ্টন করা গেলে দারিদ্র বিমোচনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, যাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ব্যবস্থা, যা সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দীন। তিনি তার প্রবন্ধে যাকাত ব্যবস্থার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরে দারিদ্র বিমোচনে এর কার্যকর প্রয়োগের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। সেমিনারে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।#