১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

আরও ২৮ জনের করোনা শনাক্ত

Admin Published: June 19, 2025, 11:43 pm
আরও ২৮ জনের করোনা শনাক্ত

ডিএনএন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ৩৮৩টি নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ ধরা পড়ে। তবে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে, ২৯ হাজার ৫০৬ জন।


বিভাগওয়ারি তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১৭৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২ জন, রাজশাহী বিভাগে ৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ জন এবং খুলনা বিভাগে ২৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ জন।


গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ। মহামারি শুরুর পর থেকে মোট গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।


করোনা মহামারির শুরুর পর থেকে বিভিন্ন বছর মৃত্যুর পরিসংখ্যান হলো, ২০২০ সালে মৃত্যু ৭ হাজার ৫৫৯ জন, ২০২১ সালে মৃত্যু ২০ হাজার ৫১৩ জন, ২০২২ সালে মৃত্যু ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে মৃত্যু ৩৭ জন, ২০২৪ সালে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জন।


বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস, যখন মাত্র দুই দিনে (৫ ও ১০ আগস্ট) ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।


সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ ভাইরাস সংক্রমণপ্রবণ অন্যান্য দেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।