৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

Admin Published: August 23, 2026, 5:51 pm
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

ডিএনএন ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর নামে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ গ্রহণের অভিযোগের অনুসন্ধান শেষে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।


মামলার আসামিদের মধ্যে রয়েছেন— এমএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মমিনুর রহমান, মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মোতালেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঁইয়া, সাবেক ম্যানেজার (অপারেশন) মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. কাওছার হোসেন।


দুদকের নথিতে বলা হয়েছে- অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।


দুদকের সূত্র জানায়, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর নামে ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ গ্রহণের অভিযোগটি অনুসন্ধানের জন্য এর আগে কমিশন একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং একজন পরিচালককে (ব্যাংক) তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। কমিশনের ওই সিদ্ধান্তের আলোকে দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭-এর বিধান অনুযায়ী অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।


সূত্র জানায়, অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। নথিতে মামলার এজাহার দায়ের করে এজাহারের কপিসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র কমিশনে দাখিলের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের নথিতে উল্লিখিত অভিযোগের সঙ্গে পদ্মা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি উঠে এসেছে।