নুরুজ্জামান : বদলে যাচ্ছে সবকিছু। বদলে যাচ্ছে সময়, মানুষ, সম্পর্ক, প্রকৃতি-বদলে যাচ্ছে আমাদের চেনা পৃথিবী। যে পথ একদিন খুব পরিচিত ছিল, সময়ের ব্যবধানে সেই পথেই তৈরি হচ্ছে অচেনা বাঁক। বদলে যাচ্ছে মানুষের ভাবনা , বিশ্বাস, মূল্যবোধ আর বেঁচে থাকার অর্থ। এই বদলে যাওয়ার নামই কি জীবন ? জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অথচ ব্যস্ততার ভিড়ে আমরা হারিয়ে ফেলি সময়, অবহেলায় দূরে সরিয়ে দিই সম্ভাবনা, কখনো হারাই প্রিয় মানুষ, কখনো নিজের স্বপ্ন। পরে ফিরে তাকিয়ে অনুশোচনা হয়, কিন্তু সময় আর ফিরে আসে না। কিছু ভুল, অবহেলা আর ভুল বোঝাবুঝি একসময় পরিচিত মানুষকেও অচেনা করে তোলে।
প্রতিটি সকাল মানুষকে নতুন স্বপ্ন দেখায়। কেউ স্বপ্ন দেখে সাফল্যের , কেউ একটু ভালো থাকার, কেউ প্রিয়জনের মুখে হাসি ফোটানোর। কিন্তু দিন শেষে প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে অনেক সময় অপূর্ণতার সংখ্যাই বেশি দেখা যায়। রাতের নীরবতায় জেগে ওঠে না-পাওয়ার দীর্ঘশ্বাস। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও অনেক মানুষ ভেতরে ভেতরে বয়ে বেড়ায় এক গভীর শূন্যতা, যার খবর কেউ রাখে না। আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি, বিজয়ীদের অর্জনে অনুপ্রাণিত হই। কিন্তু যে মানুষটি পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে, যে তরুণটি বারবার চেষ্টা করেও গন্তব্যে পৌঁছাতে পারেনি, কিংবা যে মানুষটি হাসিমুখের আড়ালে কষ্ট লুকিয়ে রেখেছে, তাদের গল্প আমরা ক’জন জানতে চাই ?
সাফল্যের মঞ্চে করতালি থাকে, কিন্তু ব্যর্থতার প্রান্তরে থাকে শুধু নিঃসঙ্গতা। অথচ প্রতিটি ব্যর্থতার পেছনে থাকে একটি ইতিহাস, প্রতিটি অপূর্ণতার পেছনে থাকে কিছু স্বপ্ন। মানুষের অর্জন আমরা সহজেই দেখি, কিন্তু তার নীরব সংগ্রাম বুঝতে চাই না। অথচ একটু সহমর্মিতা কিংবা মনদিয়ে কারও কথা শোনার অভ্যাস একজন মানুষের একাকিত্ব অনেকটাই কমিয়ে দিতে পারে।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, সময়ের সঙ্গে বদলে যাচ্ছে মানুষের যোগাযোগের ধরন। সোশ্যাল মিডিয়া আমাদের পরিচিতির জগৎকে বিস্তৃত করেছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। কিন্তু এই পরিচয়ের ভিড়ে একটি বিষয় ভুলে গেলে চলবে না । পরিচয় মানেই অধিকার নয়, আর যোগাযোগ মানেই ব্যক্তিগত প্রশ্ন করার অনুমতি নয়।কারও সঙ্গে পরিচয় হয়েছে বলেই তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক কিংবা অতীত নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের কাম্য নয় । আমাদের কাছে যা নিছক কৌতূহল, অন্যের কাছে তা অস্বস্তির কারণ হতে পারে। প্রকৃত শিষ্টাচার হলো অন্যের অনুভূতি বোঝা, ব্যক্তিগত পরিসরকে সম্মান করা এবং কথাবার্তায় সংযত থাকা।
তাই পরিচয়ের শুরুতেই ব্যক্তিগত প্রশ্ন নয়, আগে হোক শিষ্টাচার ও সম্মান। সম্পর্ক সুন্দর হয় তখনই, যখন সেখানে জোর করে জানার চেষ্টা থাকে না, থাকে আন্তরিকতা, স্বাচ্ছন্দ্য ও পারস্পরিক বিশ্বাস। ভার্চুয়াল জগতেও মানুষের অনুভূতি বাস্তব, তার আত্মসম্মান ও ব্যক্তিগত পরিসরের অধিকারও বাস্তব।জীবন শুধু সাফল্য আর ব্যর্থতার হিসাব নয়। কিছু হারানো মানুষকে নতুন করে ভাবতে শেখায়, কিছু অপূর্ণতা নিজের সীমাবদ্ধতা চিনিয়ে দেয়, আবার কিছু সম্পর্কের দূরত্ব বুঝিয়ে দেয় সম্মান ও বিশ্বাসের মূল্য। সব স্বপ্ন পূর্ণতা পায় না, সব সম্পর্ক আগের মতো থাকে না, সব গল্পের শেষও সুখের হয় না। তবু ব্যর্থতাই জীবনের শেষ পরিচয় নয়, সাফল্যও সব প্রাপ্তির পূর্ণাঙ্গ হিসাব নয়।
আমরা অন্যের চোখে সফল হতে গিয়ে অনেক সময় নিজের কাছেই অপরিচিত হয়ে উঠি। যাদের জন্য এত সংগ্রাম, তাদেরই হয়তো সময় দিতে পারি না। ভবিষ্যৎ সুন্দর করার আয়োজনে বর্তমানের ছোট ছোট আনন্দ হারিয়ে ফেলি। অথচ জীবনকে অর্থবহ করে তোলে শুধু অর্জন নয়, প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, সম্পর্কের যত্ন এবং মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিকতা।তাই নিজেকে প্রশ্ন করা দরকার-কতটা সময় সত্যিকার অর্থে বাঁচতে পেরেছি ? কতটা স্বপ্নকে যত্নে রেখেছি ? কতটা আন্তরিকতা দিয়ে সম্পর্কগুলো আগলে রেখেছি ? আর কতটা জীবন কেবল সময় পার করার মধ্যেই হারিয়ে ফেলেছি ?
হয়তো জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে আছে এই আত্মোপলব্ধির মধ্যেই। জীবন শুধু জিতে যাওয়ার নাম নয়, হেরে গিয়েও উঠে দাঁড়ানোর নাম। শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, অন্যের না-বলা কষ্ট বুঝতে পারার নামও। পরিচিতির পরিধি যতই বাড়ুক, আমাদের আচরণে যেন মানবিকতা ও সম্মানের অভাব না হয়। কারন সময় বদলাবে, মানুষ বদলাবে, বদলে যাবে সম্পর্ক ও স্বপ্ন। তবু এই পরিবর্তনের ভিড়ে যেন হারিয়ে না যায় আমাদের মানবিকতা। মনে রাখতে হবে, পরিচয় মানেই অধিকার নয়, যোগাযোগ মানেই অনুমতি নয়, সম্মানই হোক প্রতিটি সম্পর্কের ভিত্তি।
তাই সময় থাকতে মানুষকে চিনতে হবে, সম্পর্কের মূল্য বুঝতে হবে, নিজের স্বপ্নের যত্ন নিতে হবে। কারণ পৃথিবীতে শুধু সফলতার গল্পই সত্য নয়, ব্যর্থতারও ইতিহাস আছে, অপূর্ণতারও ভাষা আছে, নীরবে বেঁচে থাকা মানুষেরও গভীর এক জীবন আছে। হ্যা আমরা এটুকু বুঝতে পারছি, সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে সবকিছু। কিন্তু এই বদলে যাওয়ার ভিড়ে আমরা যেন নিজেদের হারিয়ে না ফেলি। কারণ জীবন একদিন ফুরিয়ে যায়, সময় থেমে থাকে না , শুধু কিছু অপূর্ণ গল্প থেকে যায়, যাদের শেষ বাক্য আর কখনো লেখা হয় না....!